Thursday, October 8, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি, নিবন্ধন শুরু ১২ অক্টোবর


প্রতীকী ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি ২০২৭। এ অনুষ্ঠানে অংশ নিতে যোগ্য স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং গবেষকেরা আগামী ১২ অক্টোবর থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর ২০২৬।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণদেরও নিবন্ধনের সুযোগ থাকছে।

অন্যান্য কোর্সের ক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার বছর নির্দিষ্ট করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধনের যোগ্য হবেন। বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টের ক্ষেত্রে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণদের সুযোগ দেওয়া হয়েছে। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরাও নিবন্ধন করতে পারবেন।

এ ছাড়া বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ ও ২০২৩ সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধনের সুযোগ পাবেন। অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের পাশাপাশি ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল বা পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকেরাও এতে অংশ নিতে পারবেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। এর বাইরে প্রতিটি সনদের জন্য দিতে হবে ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার। তবে কোনো শিক্ষার্থী বা গবেষক আগে থেকেই মূল সনদ সংগ্রহ করে থাকলে তাঁকে নতুন করে সনদ ফি দিতে হবে না।

আগ্রহীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট convocation.nu.ac.bd-এ প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। ফি পরিশোধ করা যাবে সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে। মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাস কার্ডেও অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।

নিবন্ধনসংক্রান্ত সহায়তার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ নম্বরে এবং অর্থ পরিশোধের বিষয়ে জানতে ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। এ বিষয়ে সহযোগিতা পাওয়া যাবে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। প্রয়োজনে convocation@nu.ac.bd ঠিকানায় ই-মেইলও করা যাবে।

সমাবর্তনের নির্দিষ্ট সময়, ভেন্যু ও বিস্তারিত অনুষ্ঠানসূচি পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন