Thursday, October 8, 2026

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি বন্ধ, ১২ অক্টোবর যোগ দেবেন ৪৯তম বিসিএসের নিয়োগপ্রাপ্তরা


প্রতীকী ছবিঃ শিক্ষা মন্ত্রণালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বদলি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১২ অক্টোবর ৪৯তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষা ক্যাডার কর্মকর্তারা যোগদান করবেন। নতুন কর্মকর্তাদের পদায়ন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আপাতত বদলি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ১২ অক্টোবর নবনিযুক্ত কর্মকর্তাদের যোগদান অনুষ্ঠিত হবে। পরদিন ১৩ অক্টোবর তাঁদের নিয়ে বগুড়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ কারণে ১৩ অক্টোবর পর্যন্ত বদলি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর যেকোনো সময় তা আবার চালু হতে পারে।

গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের নিয়োগসংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার। প্রথম দফায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্তদের মধ্য থেকে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সুপারিশপ্রাপ্ত ৫৭ জন ওই প্রজ্ঞাপনে স্থান পাননি। এ নিয়ে সমালোচনা শুরু হলে পরে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১২ অক্টোবর তাঁদের যোগদান করার কথা রয়েছে।

নতুন কর্মকর্তাদের যোগদান ও পরবর্তী পদায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষা ক্যাডারের বদলি কার্যক্রম কবে থেকে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তারিখ জানায়নি মন্ত্রণালয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন