Monday, May 11, 2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তনের গুঞ্জন, নতুন প্রো-ভিসি নিয়োগের প্রস্তুতি


প্রতীকী ছবিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তনের ধারাবাহিকতায় এবার জাতীয় বিশ্ববিদ্যালয়–এও প্রশাসনিক পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে নতুন প্রো-ভিসি নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাশাপাশি উপাচার্য পদেও পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, নতুন প্রো-ভিসি হিসেবে ড. মোহাম্মদ আলী জিন্নাহ–এর নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া নতুন ভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের একজন অধ্যাপকের নামও আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তনের প্রস্তুতি চলছে। তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ ভিসি পরিবর্তনের গুঞ্জন নাকচ করে বলেছেন, আপাতত তিনি দায়িত্ব পালন করছেন এবং নতুন কেউ আসছেন না। তবে বিশ্ববিদ্যালয়ে নতুন একজন প্রো-ভিসি যোগ দিতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন। তাঁর ভাষ্য, অনেকেই বিষয়টিকে ভিসি পরিবর্তনের সঙ্গে মিলিয়ে দেখছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সরকার পর্যায়ক্রমে দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে পরিবর্তন আনছে। এরই অংশ হিসেবে গত মার্চে একযোগে নয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসিও পরিবর্তন করা হয়েছে।

ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুয়েট এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়–সহ বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মামুন আহমেদ, যিনি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন।

সংশ্লিষ্টদের ধারণা, বিশ্ববিদ্যালয় প্রশাসনে নতুন নেতৃত্ব আনার মাধ্যমে উচ্চশিক্ষা খাতে সংস্কার ও প্রশাসনিক গতি বাড়ানোর চেষ্টা করছে সরকার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন