Saturday, July 4, 2026

জাবিতে ম্যানার শেখানোর নামে র‍্যাগিংয়ের অভিযোগে ১২ সিনিয়র শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ


ফাইল ছবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ অজুহাতে গভীর রাতে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে বিভাগেরই একদল সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। পরে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ এবং অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে বিষয়টি তদন্তে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের কয়েকজন নবীন শিক্ষার্থীকে প্রথমে ফোন করে ক্যাম্পাসের একটি নির্দিষ্ট স্থানে ডাকা হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠসংলগ্ন একটি নির্জন এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ‘ফরমাল পরিচয়’ ও ‘ম্যানার শেখানোর’ কথা বলে দীর্ঘ সময় ধরে বিভিন্নভাবে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, তাদের বাবা-মাকে নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করা হয়, কান ধরে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি করা হয়। একপর্যায়ে বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে।

একজন ভুক্তভোগী শিক্ষার্থী জানান, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগেও একই ধরনের অজুহাতে একাধিকবার নবীনদের গভীর রাতে ডেকে নিয়ে মানসিক চাপ ও অপমানজনক আচরণের শিকার হতে হয়েছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে নিরাপত্তা অফিসে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ‘ম্যানার শেখানোর’ নামে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং করার বিষয়টি স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাকসুর স্বাস্থ্য ও খাদ্যবিষয়ক সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্য হুসনে মোবারক বলেন, গভীর রাতে শিক্ষার্থীদের নির্জন স্থানে নিয়ে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের সত্যতা পাওয়ার পরপরই প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং র‍্যাগিংয়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থান বজায় রাখবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বক্তব্য সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি প্রক্টরিয়াল বডির সভায় উপস্থাপন করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ক্যাম্পাসে র‍্যাগিংবিরোধী অবস্থান আরও জোরদার করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন