- ০৪ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতা এখন আর শুধু দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজিং বা সার্চ ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নেই। ২০২৬ সালে এই প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কেন্দ্র করে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এমন ব্রাউজার তৈরি করছে, যা শুধু ওয়েবসাইট খুলবে না ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজও সম্পন্ন করবে।
এতদিন বাজারে গুগল ক্রোম ও অ্যাপলের সাফারির আধিপত্য থাকলেও এখন সেই অবস্থানে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে একাধিক নতুন প্রতিষ্ঠান। তাদের লক্ষ্য, ব্রাউজারকে একটি স্মার্ট সহকারীতে পরিণত করা, যা ই-মেইল সংক্ষেপ করবে, তথ্য খুঁজে দেবে, ফর্ম পূরণ করবে, ক্যালেন্ডারে সময়সূচি যোগ করবে, এমনকি বিভিন্ন ওয়েবসাইটে ব্যবহারকারীর হয়ে কাজও সম্পন্ন করবে।
এই দৌড়ে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি পারপ্লেক্সিটির Comet। চ্যাটবটভিত্তিক এই ব্রাউজার ওয়েব অনুসন্ধানের পাশাপাশি ই-মেইল বিশ্লেষণ, তথ্য সংক্ষেপ, ওয়েবসাইট ঘুরে প্রয়োজনীয় তথ্য বের করা এবং বিভিন্ন অনলাইন কাজ সম্পন্ন করতে পারে। বর্তমানে এটি সীমিতসংখ্যক গ্রাহকের জন্য উন্মুক্ত।
অন্যদিকে The Browser Company তাদের নতুন ব্রাউজার Dia-কে তৈরি করেছে এআইকেন্দ্রিক সহকারী হিসেবে। ব্যবহারকারীর খোলা ওয়েবপেজ, লগইন করা সাইট এবং পূর্ববর্তী ব্রাউজিং কার্যক্রম বিশ্লেষণ করে এটি প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে দিতে পারে। কোনো পণ্যের তথ্য, ওয়েবপেজের সারসংক্ষেপ কিংবা আপলোড করা নথির বিশ্লেষণও করতে সক্ষম এই ব্রাউজার।
বাজারে নতুন প্রতিযোগী হিসেবে এসেছে Opera Neon। গবেষণা, অনলাইন কেনাকাটা, কোড লেখার মতো কাজের পাশাপাশি ইন্টারনেট সংযোগ না থাকলেও কিছু নির্দিষ্ট কাজ চালিয়ে যাওয়ার সক্ষমতা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এদিকে OpenAI-ও তাদের এআই ব্রাউজার Atlas উন্মোচন করেছে। এতে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটজিপিটির মাধ্যমে ওয়েব অনুসন্ধান, বিভিন্ন ওয়েবসাইট বিশ্লেষণ এবং ‘এজেন্ট মোড’-এর মাধ্যমে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন।
এছাড়া Aside ও Jatter-এর মতো নতুন প্রতিষ্ঠানও এআইনির্ভর ব্রাউজার নিয়ে কাজ করছে। এসব প্ল্যাটফর্মের লক্ষ্য হলো ব্যবহারকারীর হয়ে দৈনন্দিন ডিজিটাল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা।
এআইয়ের পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাকেও গুরুত্ব দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। Brave দীর্ঘদিন ধরেই বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লক করার সুবিধার জন্য পরিচিত। পাশাপাশি এতে রয়েছে বিল্ট-ইন এআই সহকারী, ভিপিএন এবং ভিডিও কলের মতো অতিরিক্ত সুবিধা।
DuckDuckGo-ও তাদের ব্রাউজারে নতুন প্রজন্মের এআই সুবিধা যুক্ত করেছে। একই সঙ্গে প্রতারণামূলক ওয়েবসাইট, ভুয়া ক্রিপ্টো প্ল্যাটফর্ম এবং অনলাইন জালিয়াতি শনাক্ত করার সক্ষমতাও বাড়ানো হয়েছে।
অন্যদিকে ওপেন সোর্স প্রকল্প Ladybird একেবারে নতুন ব্রাউজার ইঞ্জিন তৈরি করছে, যা গুগলের ক্রোমিয়ামভিত্তিক হবে না। গোপনীয়তা রক্ষা এবং ব্যবহারকারীর তথ্য সংগ্রহ কমানোর দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রকল্পে।
বাজারে এখন এমন ব্রাউজারও আসছে, যেগুলোর মূল লক্ষ্য ব্যবহারকারীর উৎপাদনশীলতা ও মানসিক স্বস্তি বাড়ানো।
Opera Air ব্যবহারকারীদের নির্দিষ্ট সময় পর বিরতি নেওয়ার পরামর্শ দেয়, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করায় এবং মনোযোগ বা প্রশান্তি বাড়াতে বিশেষ অডিও প্রযুক্তি ব্যবহার করে।
অন্যদিকে SigmaOS ও Zen Browser কাজের ধরন অনুযায়ী ট্যাব সাজানো, আলাদা ওয়ার্কস্পেস তৈরি, একই সঙ্গে একাধিক পৃষ্ঠা দেখা এবং বিভিন্ন এআই সহায়তা যুক্ত করে কর্মব্যস্ত ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের ব্রাউজার শুধু তথ্য দেখানোর মাধ্যম থাকবে না; বরং ব্যবহারকারীর হয়ে সিদ্ধান্ত নেওয়া, কাজ সম্পন্ন করা এবং ব্যক্তিগত ডিজিটাল সহকারী হিসেবে কাজ করবে। ফলে ওয়েব ব্রাউজারের পরবর্তী প্রতিযোগিতা আর গতি বা ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং কে সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে কার্যকর ডিজিটাল সহকারী তৈরি করতে পারে, সেটিই হবে প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় লড়াই।