- ১৬ মে, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এ এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে এবার সিসিটিভি ফুটেজের মূল ছবি প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে অভিযুক্তের পরিচয় বা অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে ০১৩২০০৮৯৩০৫ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে অভিযুক্তকে শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে উন্নত করা ছবি ছড়িয়ে পড়ে। পরে অভিযোগ ওঠে, সেটি মূল ফুটেজের প্রকৃত ছবি নয় বরং প্রযুক্তির মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর স্থিরচিত্র। বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও ভুক্তভোগী সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা করলেও সাংবাদিকদের সেই ফুটেজ দেখতে দেওয়া হয়নি। এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে তথ্য গোপন ও অসহযোগিতার অভিযোগ ওঠে।
এ বিষয়ে শিক্ষার্থী লামিসা জামান বলেন, সিসিটিভি ফুটেজে অভিযুক্তের চলাফেরা স্পষ্ট না হওয়ায় কয়েকটি ছবি প্রযুক্তির সহায়তায় পরিষ্কার করা হয়েছিল। ভুক্তভোগী যেটির সঙ্গে বেশি মিল খুঁজে পেয়েছিলেন, সেটিই পরে সাংবাদিক ও অন্যদের কাছে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো এআই-সম্পাদিত ছবি সরবরাহ করা হয়নি। পুলিশকে মূল ফুটেজই দেওয়া হয়েছে। তবে শুরুতেই প্রকৃত ছবি প্রকাশ না করায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তিনি স্বীকার করেন।
ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।