Sunday, May 17, 2026

ডুয়েটে তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত


ছবিঃ ডুয়েট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

নবনিযুক্ত উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীরা। নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা দেখা দেয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। তবে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে পুলিশ সদস্যরা পরে ক্যাম্পাসের ভেতর থেকে বের হয়ে মূল সড়কে অবস্থান নেয়।

পরিস্থিতির একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় আন্দোলনরত অনেক শিক্ষার্থীকে ফটকের সামনে অবস্থান নিতে এবং ক্রিকেট খেলতে দেখা যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন।

গত ১৪ মে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের খবর প্রকাশের পর থেকেই ডুয়েট ক্যাম্পাসে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

পরে শিক্ষার্থীরা নবনিযুক্ত ভিসির বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রতিবাদী ব্যানারও টানিয়ে দেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। আন্দোলনকারীরা দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন