- ১৭ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহান আবাদির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধিদলের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ঢাকাস্থ ইরান দূতাবাসে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা অংশ নেন। ইরান দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূতসহ তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের ছয় সদস্যের প্রতিনিধিদলে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকের শুরুতে সাম্প্রতিক সংঘাতে নিহত ইরানি নাগরিকদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানায় গণঅধিকার পরিষদের প্রতিনিধি দল। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে চলমান কূটনৈতিক উদ্যোগ এবং শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন তারা।
আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনা, বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধি, প্রযুক্তিগত বিনিময় এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও ইরানের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও আলোচনা হয়।
বৈঠক শেষে ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে যোগাযোগ, সংলাপ এবং সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বৈঠক দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।