- ২৪ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উমামা ফাতেমাকে পুলিশ আটক করেছে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি দাবি ছড়িয়ে পড়েছে। এমনকি তাকে রানওয়েতে থাকা একটি বিমান থেকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও প্রচার করা হয়। তবে অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, উমামা ফাতেমাকে বিমানবন্দর থেকে আটকের দাবিটি বাস্তব কোনো ঘটনার ভিত্তিতে তৈরি নয়। একটি ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী ফেসবুক পোস্টকে সত্য ঘটনা হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
ছড়িয়ে পড়া ফটোকার্ড ও পোস্টগুলোতে আটকের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট বিভিন্ন শব্দ ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও উমামা ফাতেমাকে বিমানবন্দর থেকে আটকের বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির প্রাথমিক উৎস হিসেবে ‘Gojobvision’ নামের একটি ফেসবুক পেজের পোস্ট পাওয়া যায়। পেজটির বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে দেখা গেছে, এটি নিজেকে প্যারোডি বা স্যাটায়ারধর্মী পেজ হিসেবে উপস্থাপন করে। সেখানে একই ধরনের একাধিক ব্যঙ্গাত্মক ও কাল্পনিক কনটেন্টও প্রকাশ করা হয়েছে।
ফলে আলোচিত ফটোকার্ডটিও যে ব্যঙ্গাত্মক কনটেন্টের অংশ, অনুসন্ধানে তার প্রমাণ মিলেছে। পরে সেটিকে ব্যঙ্গাত্মক পোস্ট হিসেবে উল্লেখ না করে বাস্তব ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।
ফ্যাক্টচেকের তথ্য অনুযায়ী, উমামা ফাতেমা দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পালানোর সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।