Thursday, September 24, 2026

বিএনপির বিদ্রোহীদের আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম


ফাইল ছবিঃ বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা বিদ্রোহ করেছেন, ভবিষ্যতে বিএনপিতে তাদের আর জায়গা হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, দেশের যেকোনো দুর্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো পরিবার যেন গৃহহীন অবস্থায় না থাকে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে দেওয়া এই আর্থিক সহায়তা তাদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তরা যাতে ভবিষ্যতে টেকসইভাবে বসবাসের উপযোগী ঘর নির্মাণ করতে পারেন, সে বিষয়েও সহায়তা পাওয়া যাবে।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা পরিষদের সচিব খন্দকার আরাফাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান ড. মোহাম্মদ জকরিয়া, পটিয়ার এমপি এনামুল হক, ইদ্রিস মিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী ও কামরুল ইসলাম হোসাইনী।

এ ছাড়া বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন