- ২৪ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সিলেট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা করে গণধোলাই দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
সমাবেশে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘ডার্বি নাসীর’ নামে পরিচিত নাসীরুদ্দীন পাটওয়ারী সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাঁর দাবি, এনসিপির তিনটি দাবি মেনে নেওয়া হলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণ হবে না এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা এটিকে ‘রাষ্ট্রদ্রোহিতা’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শুধু নাসীরুদ্দীন পাটওয়ারী নন, এনসিপির অন্য নেতাদের বক্তব্যও রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করছে। তাঁদের প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটির নেতাদের ‘যেখানেই পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা করে গণধোলাই দিতে হবে’।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির কয়েকজন নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের কারণে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপির নেতাদের সতর্ক করে এমদাদ হোসেন চৌধুরী বলেন, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় তাদেরই নিতে হবে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত একটি মিছিল শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, তাঁদের উত্থাপিত তিনটি দাবি মেনে নেওয়া হলে ঢাকায় আর ককটেল ফুটবে না। তাঁর ওই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়।
এদিকে সিলেটের সমাবেশে বিএনপি নেতার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। প্রকাশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে আক্রমণের আহ্বান ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।