- ২৫ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নোয়াখালী
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। ওই সময় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে উপজেলা পরিষদে যাচ্ছিলেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য পরিষদ ভবনের প্রবেশপথে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এনসিপির উপজেলা আহ্বায়ক শামসুদ্দিন তিবরিজ অভিযোগ করেন, কোনো ধরনের উসকানি ছাড়াই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। ঘটনাটিকে তিনি অনাকাঙ্ক্ষিত এবং পূর্বপরিকল্পিত বলে দাবি করেন।
অন্যদিকে বিএনপির স্থানীয় নেতা আমিরুল হায়দার চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, সংসদ সদস্য হান্নান মাসউদ সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদসহ বিভিন্ন কর্মসূচিতে বিএনপিকে নিয়ে বক্তব্য দেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ওই ক্ষোভ থেকেই তারা প্রতিবাদ জানিয়েছেন। তবে এ ঘটনায় দলের কোনো পূর্বনির্দেশনা বা হামলার পরিকল্পনা ছিল না বলে দাবি করেন তিনি।
সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় যাওয়ার পথে বিএনপির নেতাকর্মীরা পথ আটকে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়। এ সময় ছোড়া একটি ঘুষি তাঁর ঘাড়ে লাগে বলেও অভিযোগ করেন তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সংসদ সদস্য সভাস্থলে প্রবেশের সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল জানান, উপজেলা পরিষদের গেটে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে ধাক্কাধাক্কি ও উচ্চবাচ্যের ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করা হয় এবং সংসদ সদস্যকে নিরাপদে সভাকক্ষে পৌঁছে দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।