- ২৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। পাবনা
পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে জামায়াতের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে বিএনপির একটি অংশ নিজেদের স্বার্থ হাসিলে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনার কথা তুলে ধরেন সাদিক কায়েম। তাঁর দাবি, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের শ্বশুর এবং জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন আমীরের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া ও মালামাল লুট করা হয়েছে।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী। নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি।
ডাকসু ভিপির ভাষ্য, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের দায়িত্ব। অথচ রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই সন্ত্রাস, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন সাদিক কায়েম। তাঁর মতে, এ ধরনের ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ফ্যাসিবাদবিরোধী ঐক্য ক্ষতিগ্রস্ত হবে।
বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, একদিকে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক সহযোগিতার কথা বলা হচ্ছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ সামনে আসছে। এ ধরনের দ্বিমুখী অবস্থান থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে।
সাদিক কায়েমের এ বক্তব্যকে কেন্দ্র করে ঈশ্বরদীর ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য এবং প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেলে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানা যাবে।