Tuesday, November 24, 2026

রাষ্ট্রীয় বিমানে হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে রিজভীর প্রশ্ন, ‘আত্মসমর্পণ করবেন না কেন?’


ফাইল ছবিঃ রুহুল কবির রিজভী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান ব্যবহারের ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। তাঁর এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর প্রশ্ন, বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন?

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রিজভী বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনার উচিত ছিল দেশে ফিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালতের কাছে আত্মসমর্পণ করা। এরপর আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারতেন। আদালতে দণ্ডিত হওয়ার পর রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার প্রত্যাশা কীভাবে করেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ভারতে পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠকের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সীমান্তে তাঁরা কীভাবে প্রায় দুই ঘণ্টা বৈঠক করলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এ ঘটনার পেছনে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, দেশের পরিস্থিতি ঘিরে কোথাও একটি গভীর নীলনকশা তৈরি হচ্ছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে অবস্থান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, যারা দেশের সাধারণ মানুষকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। এ কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে তিনি ন্যায়সংগত বলে উল্লেখ করেন।

দেশে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়েও বক্তব্য দেন রিজভী। তিনি অভিযোগ করেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার নির্দেশনা দিচ্ছেন। এসব কর্মকাণ্ডের জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন তিনি। বিএনপির তিন নেতাকর্মী হত্যার প্রসঙ্গও তুলে ধরেন রিজভী।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রিজভী বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হলেও প্রয়োজনের সময় পদ্মার ঢেউয়ের মতো প্রবল হয়ে উঠতে পারে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কোনো শক্তির পক্ষেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কেড়ে নেওয়া সম্ভব হবে না।

বক্তব্যে শেখ হাসিনার সমালোচনা করে তাঁকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার প্রতীক বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। একই সঙ্গে তিনি বলেন, বাংলার মানুষ অত্যাচার মেনে নেয় না এবং কোনো স্বৈরশাসকের জন্য এ দেশে জায়গা হবে না।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য দেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ও সংসদ সদস্য ইশরাক হোসেন।

উল্লেখ্য, শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং রাষ্ট্রীয় বিমান ব্যবহারের অনুরোধের বিষয়টি তাঁর মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন