- ২৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। মানিকগঞ্জ
কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর পূর্বশত্রুতার জেরে এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাগর খন্দকার (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিমু বেগম (৪৫)।
নিহত শিমু বেগম গুজুরি গ্রামের বাসিন্দা আলম পীরের স্ত্রী।
নিহতের স্বামী আলম পীরের অভিযোগ, একই এলাকার বুইদা ওরফে বদর উদ্দীনের ছেলে সাগর খন্দকার ধারালো দা নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁর স্ত্রীকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপ দেন সাগর। হামলায় শিমুর একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে শুধু চামড়া ও কিছু সংযুক্ত অংশের সঙ্গে ঝুলে ছিল।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আলম পীরের দাবি, সাগর এর আগেও তাঁর ওপর হামলা চালিয়েছিলেন। এবার তাঁর স্ত্রীকে এভাবে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ববর্তী একটি ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস পাঠান জানান, সাগর খন্দকার এর আগে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর গ্রেপ্তারের পেছনে নিহতের স্বামী আলম পীরের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করতেন সাগর। কারাগার থেকে জামিনে বের হওয়ার পর সেই ক্ষোভ থেকেই আলম পীরের স্ত্রীর ওপর হামলা চালিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।