- ২৪ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের ৩০ জন নেতাকর্মী রয়েছেন। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে ১২১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে জেলার একাধিক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, মাদক ব্যবসা ও সেবন নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান চালানো হচ্ছে। অপরাধ দমনের পাশাপাশি কিশোরদের অপরাধজগৎ থেকে দূরে রাখার বিষয়টিও অভিযানের অন্যতম লক্ষ্য।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে উঠতি বয়সী কিশোরদের বিষয়ে বিশেষভাবে যাচাই-বাছাই করা হয়েছে। যারা সংশোধনের সুযোগ পেতে পারে, তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৬০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে পুলিশের উদ্দেশ্য কেবল অপরাধীদের আটক বা আইনের আওতায় আনা নয়; বিপথগামী কিশোরদের সংশোধনের সুযোগ দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাও গুরুত্বপূর্ণ।
অভিযান পরিচালনার ক্ষেত্রে নিরীহ কোনো ব্যক্তি যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি। প্রতিটি অভিযান আইনানুগ প্রক্রিয়া মেনেই পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নিরাপদ ও অপরাধমুক্ত কুমিল্লা গড়ে তুলতে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করছে জেলা পুলিশ। বিশেষ করে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।