Tuesday, November 24, 2026

পরকীয়ার অপবাদে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল


ছবিঃ পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নীলফামারী

পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে বাড়ির সামনে থেকে টেনেহিঁচড়ে নিয়ে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে একই গ্রামের এক নারী ও তাঁর পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২২ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বাড়ির সামনে নিজের ভাবির সঙ্গে বসে কথা বলছিলেন ওই তরুণী। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও তাঁর পুত্রবধূ সেখানে এসে তাঁদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তরুণীকে টেনেহিঁচড়ে তাঁদের বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে উঠানে তাঁকে মারধর করা হয় এবং তাঁর পোশাক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, আব্দুল বাকীর ছেলে আসিফের সঙ্গে ওই তরুণীর অনৈতিক সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকেই তাঁর মা ও স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন। তবে অভিযোগটি অস্বীকার করেছেন আসিফ।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, আসিফ তাঁর প্রতিবেশী এবং তাঁকে ভাতিজির মতো সম্বোধন করেন। তাঁদের মধ্যে কোনো ধরনের অনৈতিক সম্পর্ক নেই। ঘটনার দিন ভাবির সঙ্গে বসে থাকার সময় আসিফের মা ও স্ত্রী তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং পরকীয়ার অভিযোগ তোলেন। তিনি প্রতিবাদ করলে তাঁকে জোর করে বাড়ির ভেতরে নিয়ে মারধর করা হয়।

তরুণী বলেন, বারবার অনুরোধ করেও হামলাকারীদের হাত থেকে রক্ষা পাননি তিনি। একপর্যায়ে তাঁর পোশাক ছিঁড়ে ফেলা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মিথ্যা অপবাদ দিয়ে তাঁর সম্মান ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করা হয়েছে উল্লেখ করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

তরুণীর মা ও ভাবির অভিযোগ, কোনো ধরনের প্রমাণ ছাড়াই তাঁদের মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আসিফ বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। অন্যদিকে, আসিফ ওই তরুণীকে ভাতিজির মতো দেখেন বলে দাবি করেন তাঁরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এদিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন তরুণীর বাবা ও ভাই। তাঁদের আশঙ্কা, ভিডিওটি ছড়িয়ে পড়ায় সামাজিকভাবে তাঁদের মেয়েকে আরও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং ভবিষ্যৎ জীবনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অসহায় পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে আসিফ বলেন, ওই তরুণীর সঙ্গে কখনো ফোনেও কথা বলেননি তিনি। তাঁদের মধ্যে কোনো সম্পর্ক ছিল এমন প্রমাণও কেউ দিতে পারবেন না। তবে তিনি অনলাইনে জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছেন এবং সংসারের খরচ ঠিকমতো দিতে পারেন না। এ কারণে তাঁর পরিবারের সদস্যরা হয়তো ওই তরুণীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সন্দেহ করে তাঁকে মারধর করেছেন বলে মনে করেন আসিফ। ওই তরুণীকে কখনো খারাপ চোখে দেখেননি বলেও দাবি করেন তিনি।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাইজুল্লাহ বিপু জানান, রোববার রাতে ওই তরুণী হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, নির্যাতনের ভিডিওটি তাঁর নজরে এসেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন