- ২৫ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গোপালগঞ্জকে বাংলাদেশের ভেতরে পৃথক স্বাধীন রাষ্ট্র বা অঞ্চল হিসেবে ঘোষণার চেষ্টার অভিযোগে জড়িতদের দেশদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন ও সার্বভৌম দেশের কোনো অংশকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই।
বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সফল না ব্যর্থ, সে বিষয়ে তিনি আলোচনা করতে চান না। তবে একটি স্বাধীন দেশের অভ্যন্তরে কোনো জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার উদ্যোগ অত্যন্ত গুরুতর বিষয়। তাঁর মতে, আইন ও সংবিধানের দৃষ্টিতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হতে পারেন। দেশের কোনো ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে স্বাধীন ঘোষণার সাংবিধানিক বা নাগরিক অধিকার কারও নেই।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পরও তিনি আপিল করেননি বলে মন্তব্য করেন জামায়াত আমির। বিচারিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল হলে তাঁর দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত ছিল বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনার দেশে না ফেরার বিষয়টি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এতে তাঁর দেশ ও আইনের প্রতি অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার কোনো বক্তব্য সহজে বিশ্বাস করার সুযোগ নেই।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানা আক্রমণ ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব ঘটনায় সহিংসতার পুরোনো প্রবণতা থেকে বেরিয়ে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডের প্রবণতা এবং ফ্যাসিবাদী আচরণেরও পরিবর্তন হয়নি। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, নির্যাতনে অতিষ্ঠ হয়ে যুবসমাজ ও সাধারণ মানুষই একসময় সংশ্লিষ্টদের দেশ ছাড়তে বাধ্য করেছিল।
হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের আইনের মুখোমুখি হতে হবে। আদালতের রায়ও সবাইকে মেনে নিতে হবে।
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন বিরোধীদলীয় নেতা। তিনি জানান, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চায়ের বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে একসঙ্গে কাজ করার পক্ষে মত দিয়েছেন তিনি।
তবে জাতীয় ঐক্যকে কেবল সাময়িক রাজনৈতিক উদ্যোগ হিসেবে দেখতে চান না বলে জানান শফিকুর রহমান। তাঁর মতে, দেশের স্বার্থে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী হওয়া প্রয়োজন। সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া ঐক্যের আহ্বায়কেও তিনি সম্মান জানান।
জাতীয় ঐক্যের পথে বাধা হিসেবে কয়েকটি রাজনৈতিক বিষয় তুলে ধরেন জামায়াত আমির। এর মধ্যে রয়েছে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব এবং সনদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগ। এসব বিষয়ে স্পষ্ট রাজনৈতিক অবস্থান নেওয়া গেলে ফ্যাসিবাদী আচরণ থেকে বেরিয়ে আসার পথ তৈরি হবে বলে মনে করেন তিনি।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন। সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে তিনি দেশে ফেরেন।