Wednesday, November 25, 2026

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রবি ও সোমবার দেশজুড়ে যুবদলের বিক্ষোভ


প্রতীকী ছবিঃ ২ দিনের কর্মসূচি দিল যুবদল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সারাদেশে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। আগামী রোববার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) দেশের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর এলাকায় মিছিল ও সমাবেশ করবে বিএনপির এই অঙ্গসংগঠন।

বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রথম দিন ২৯ নভেম্বর রাজধানীতে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল। একই দিনে দেশের সব জেলা ও মহানগর যুবদল নিজ নিজ সাংগঠনিক ইউনিটের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদলের উদ্যোগে স্থানীয় পর্যায়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়েও দলীয় প্রতিবাদ কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দিনের কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচির নির্দিষ্ট স্থান ও সময়সূচি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট ইউনিটগুলো নিজেদের উদ্যোগে কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন