Monday, April 20, 2026

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ইরানের নির্দেশনা


ফাইল ছবিঃ বাংলাদেশের জাহাজ ‘বাংলার জয়যাত্রা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে ইরান। বিশেষ করে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য জাহাজের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুরস্কে আয়োজিত আনতালিয়া ডিপ্লোমাসি ফোরাম-এর পার্শ্ববৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ-এর মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। এর জবাবে ইরানের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।

বর্তমান মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে এই সমুদ্রপথে বিভিন্ন দেশের জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাংলাদেশের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাধান ও সংলাপের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল আরও নিরাপদ ও নির্বিঘ্ন হবে, যা দেশের বাণিজ্যিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন