- ২১ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রথমবারের মতো একসঙ্গে পাঁচজন ক্রিকেটারকে নাগরিকত্ব দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করে দলটি নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে যাচ্ছে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও ভারতে জন্ম নেওয়া ক্রিকেটাররা আমিরাতের হয়ে খেলছেন, তবে তারা মূলত নির্দিষ্ট সময় বসবাসের শর্ত পূরণ করে দলে জায়গা পেতেন। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, একটি দেশে নির্দিষ্ট সময় বসবাস করলে সেই দেশের প্রতিনিধিত্ব করা যায়। কিন্তু এবার সরাসরি নাগরিকত্ব ও পাসপোর্ট দিয়ে খেলোয়াড়দের দলে নেওয়ার ঘটনা এই প্রথম।
নাগরিকত্ব পাওয়া ক্রিকেটাররা হলেন—খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি। এদের মধ্যে খুজাইমার জন্ম পাকিস্তানে, আর বাকি চারজন ভারতীয় বংশোদ্ভূত।
অজয় কুমার একজন বাঁহাতি পেস বোলার এবং বিভিন্ন টি-টেন লিগে খেলেছেন। অক্ষদীপ নাথ ভারতের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম, তিনি আইপিএলের একাধিক দলে খেলেছেন। হারপ্রীত ভাটিয়াও আইপিএলের অভিজ্ঞ ক্রিকেটার, আর আদীব উসমানি বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন।
নাগরিকত্ব পাওয়ার বিষয়ে অজয় কুমার বলেন, আমিরাতে আসার পর থেকেই এই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার স্বপ্ন দেখেছেন তিনি। সেই সুযোগ পাওয়ায় তিনি আনন্দিত। একইভাবে খুজাইমা তানভীরও নতুন দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে আমিরাত তাদের দলকে আরও শক্তিশালী করতে চায় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়েছে।