Saturday, April 25, 2026

হেলেন জেরিন খানের হলফনামায় প্রায় ৬ কোটি টাকার সম্পদের তথ্য


ছবিঃ হেলেন জেরিন খান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পাওয়া হেলেন জেরিন খান-এর দাখিল করা হলফনামায় প্রায় ৬ কোটি টাকার সম্পদের তথ্য উঠে এসেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া এই হলফনামায় তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।

হলফনামা অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে তাঁর মোট সম্পদের পরিমাণ ৬ কোটি ১৪ লাখ ৪৩ হাজার ৪৯৫ টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি। ব্যাংক হিসাবে জমা আছে প্রায় ৬৮ লাখ টাকা এবং শেয়ারবাজারে বিনিয়োগ রয়েছে ২৬ লাখ টাকারও বেশি।

পেশা হিসেবে সমাজসেবা ও রাজনীতি উল্লেখ করা এই প্রার্থীর স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে ২ কোটির বেশি এবং ডিপিএস হিসেবে সঞ্চয় রয়েছে প্রায় ৯৫ লাখ টাকা। এছাড়া তাঁর ব্যবহৃত একটি গাড়ির মূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা দেখানো হয়েছে।

অস্থাবর সম্পদের মধ্যে ৫০ ভরি স্বর্ণালঙ্কারের উল্লেখ থাকলেও এর মূল্য বা উৎস সম্পর্কে হলফনামায় কোনো তথ্য দেওয়া হয়নি। ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্রের মূল্য যথাক্রমে প্রায় ২ লাখ ২২ হাজার এবং ২ লাখ ৩৫ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

স্থাবর সম্পদের হিসাবে ৩০ কাঠা জমির ওপর ছয়টি প্লটের মূল্য দেখানো হয়েছে প্রায় ৭৪ লাখ টাকা। পাশাপাশি ঢাকায় একটি এবং কুমিল্লায় দুটি ফ্ল্যাটের তথ্য রয়েছে। এর মধ্যে ঢাকার জাপান গার্ডেন সিটির ফ্ল্যাটটির মূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা এবং কুমিল্লার দুটি ফ্ল্যাটের সম্মিলিত মূল্য প্রায় ২৯ লাখ ৬২ হাজার টাকা।

ঋণের ক্ষেত্রে দেখা যায়, তাঁর নামে বৈদেশিক মুদ্রায় ১ কোটি ৭৩ লাখ টাকার বেশি ঋণ রয়েছে। এছাড়া স্বামীর কাছ থেকেও ৬৫ লাখ টাকা ঋণ নেওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, ২০১৭ সালের পর তাঁর বিরুদ্ধে মোট ১১টি মামলা দায়ের হয়েছিল। তবে পরবর্তীতে তিনি এসব মামলায় অব্যাহতি ও খালাস পেয়েছেন।

উল্লেখ্য, হেলেন জেরিন খান এর আগে অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে দায়িত্ব পালন করেছেন এবং এবারও তাঁকে একই ধরনের আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন