Friday, November 27, 2026

দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি বেশি: রুহুল কবির রিজভী রিজভী


ছবিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

বাংলাদেশে শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি কাঠামো ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষ্য, সাম্প্রতিক শ্রমিক আন্দোলন ও অসন্তোষ নিরসনে আলোচনার মাধ্যমে মজুরি বৃদ্ধির যে সিদ্ধান্ত হয়েছে, তা শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা। এ সময় রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার উদ্যোগে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত একটি সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। এর অংশ হিসেবে শ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।

নতুন মজুরি কাঠামোর তথ্য তুলে ধরে রিজভী বলেন, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। গ্রেডভেদে সর্বোচ্চ মজুরি দাঁড়িয়েছে ২১ হাজার ৫০০ টাকা। এতে সর্বনিম্ন পর্যায়ে ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ পর্যায়ে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেতন বেড়েছে। তার দাবি, নতুন এই মজুরি প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায়ও বেশি।

এ সময় নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা। আমানউল্লাহ আমানকে আহ্বায়ক এবং শামসুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করে গঠিত কমিটির নেতৃত্বের প্রতিও আস্থা জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন