- ২৬ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার প্রায় তিন বছর পার হলেও এখনো পেনশনের অর্থ পাননি নিজের শ্বশুর এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মতে, দীর্ঘদিন চাকরি করে নিজের বেতনের অর্থ থেকে যে সঞ্চয় গড়ে তুলেছেন, অবসরের পর সেই পাওনা পেতেও একজন শিক্ষককে অপেক্ষা করতে হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম।
নিজের শ্বশুরের অভিজ্ঞতা তুলে ধরে হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৩ সালে তার শ্বশুর সরকারি চাকরি থেকে অবসরে গেছেন। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো পেনশনের টাকা হাতে পাননি তিনি। পরিবারের একজন সংসদ সদস্য থাকা সত্ত্বেও এই অর্থ না পাওয়ায় বিষয়টি নিয়ে তার শ্বশুরের মধ্যেও হতাশা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন হাসনাত।
তিনি বলেন, তার শ্বশুর একজন সাধারণ ও নিরীহ মানুষ। মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। অবসরের পর সম্মানজনকভাবে জীবনযাপনের জন্য যে অর্থ পাওয়ার কথা, সেটি না পেয়ে এখন রাষ্ট্রের কাছে অনুদান চাইতে হচ্ছে বলে মনে করছেন তিনি।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক দুরবস্থার প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, চাকরিজীবনে শিক্ষক-কর্মচারীরা নিজেদের বেতন থেকে নিয়মিত অর্থ জমা দিয়েছেন। সেই অর্থ রাষ্ট্রের বিভিন্ন ব্যয় নির্বাহসহ নানা কাজে ব্যবহৃত হয়েছে। অথচ জীবনের দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়ার পর নিজেদের পাওনা বুঝে পাওয়ার সময় অর্থের সংকটের কথা বলা হচ্ছে।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জমা দেওয়া অর্থ দিয়েই অন্যদের পেনশনসহ রাষ্ট্রের বিভিন্ন ব্যয় পরিচালিত হয়। কিন্তু যাদের অর্থ দিয়ে এসব কার্যক্রম চলে, তাদের নিজেদের পাওনা পরিশোধের সময়ই অর্থের অভাব দেখা দেয়।
আলোচনা সভায় তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পেনশন ও আর্থিক অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। দীর্ঘদিন শিক্ষাসেবায় নিয়োজিত থাকার পর অবসরজীবনে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তার বক্তব্যে উঠে আসে।