- ২৫ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নেত্রকোনা
নেত্রকোনার পূর্বধলা উপজেলা এলাকায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফাকে অবরুদ্ধ করা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি নেতা মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলার এজাহারভুক্ত একজন আসামি রয়েছেন, অন্যরা সন্দেহভাজন। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেলে একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এমপি মাছুম মোস্তফা উপজেলা সদরে ফিরছিলেন। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে গাড়িতে জ্বালানি নিতে থামেন। এ সময় তিনি নামাজ আদায়ের জন্য স্টেশনের একটি কক্ষে যান।
এদিকে, কিছুক্ষণ পর মোটরসাইকেলে করে আসা একদল যুবক সেখানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং একপর্যায়ে এমপির গাড়িতে ভাঙচুর চালায়। পরে তারা এমপিকে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হিমশিম খায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
এ বিষয়ে এমপি মাছুম মোস্তফা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এবং এটি হত্যাচেষ্টার অংশ হতে পারে।
অন্যদিকে, অভিযুক্ত বিএনপি নেতা আবু তাহের তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। তিনি দাবি করেন, এ ঘটনা দুঃখজনক হলেও তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলার আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।