Saturday, October 3, 2026

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০৯


ছবিঃ হামের প্রাদুর্ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রোগী (সংগৃহীত)

বিশেষ প্রতিবেদনঃ মোঃ ইয়াসির আজিজ

দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নতুন করে যে আটজন মারা গেছেন, তাদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০২ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম দুই হিসাবে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।

তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর এই পরিসংখ্যানকে সরাসরি নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আলাদাভাবে দেওয়া হয়। রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে, তবে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২১ হাজার ৬৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে।

হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৪ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে বয়সভিত্তিক আক্রান্ত ও মৃত্যুর বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে দেশে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আক্রান্তদের চিকিৎসা ও নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষ। 


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন