- ০২ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচটি শিশু মারা গেছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৬৩১ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৩ জন শিশু। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৯৯৩ জনে।
প্রতিবেদনে আরও জানানো হয়, একই সময়ে ১৫৪ জন শিশুর শরীরে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১২ হাজার ২৮৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮২ হাজার ৭৫৯ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে ঢাকা বিভাগের তিনজন, সিলেট ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।