Sunday, May 17, 2026

হামে দেশে নতুন করে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো হাজারের বেশি


প্রতীকী ছবিঃ হামের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে হামের প্রকোপ আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জনের শরীরে হামের লক্ষণ ও উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

একই সময়ে নতুন করে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৬১ জনের মধ্যে এর উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫৬ হাজার ৫৭২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৫২৪ জনের।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে মোট ৪১ হাজার ২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৬ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন