Tuesday, May 19, 2026

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদ নিয়ে হাইকোর্টের রুল


প্রতীকী ছবিঃ গ্রামীণ ব্যাংক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গ্রামীণ ব্যাংক–এর ক্ষুদ্রঋণে গ্রামীণ ও ভূমিহীন ঋণগ্রহীতাদের ওপর আরোপিত অতিরিক্ত সুদের হার কমানোর নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর, অর্থসচিব, গ্রামীণ ব্যাংক–এর ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত সপ্তাহে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান রিট আবেদনটি দায়ের করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফাতেমা এস চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ফারুক হোসেন ও সাইফুজ্জামান।

রিটকারীদের দাবি, তফসিলি ব্যাংকগুলোর তুলনায় গ্রামীণ ব্যাংক–এর ক্ষুদ্রঋণে সুদের হার ২০ শতাংশেরও বেশি, যা ভূমিহীন ও নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে।

জ্যেষ্ঠ আইনজীবী ফাতেমা এস চৌধুরী সাংবাদিকদের বলেন, তফসিলি ব্যাংক থেকে নেওয়া ঋণের ক্ষেত্রে কোনো ঋণগ্রহীতা মূল ঋণের দ্বিগুণ অর্থ পরিশোধ করলে তিনি দায়মুক্তির সুযোগ পান। কিন্তু ক্ষুদ্রঋণগ্রহীতারা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

রুলে আরও জানতে চাওয়া হয়েছে, ক্ষুদ্রঋণগ্রহীতাদের ক্ষেত্রেও একই ধরনের সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক–কে কেন নির্দেশ দেওয়া হবে না।

আইনজীবীরা মনে করছেন, রুলের চূড়ান্ত শুনানির পর আদালতের সিদ্ধান্ত দেশের ক্ষুদ্রঋণ খাতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন