- ১২ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বরিশাল
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এবং শুক্রবার সকালে উপজেলার কটকস্থল ও দক্ষিণ বিজয়পুর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুরে শারমিন ক্লিনিকের সামনে তাজবী পরিবহণের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আরাফাত রহমান বাবু (৩২) নিহত হন। তাঁর সঙ্গে থাকা আসাদুল ইসলাম (৩১) গুরুতর আহত হয়েছেন।
নিহত আরাফাত রহমান বাবু আশোকাঠী গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। দুই সন্তানের বাবা বাবু ওই এলাকায় বসবাস করতেন। আহত আসাদুলও একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল তাজবী পরিবহণের বাসটি। দক্ষিণ বিজয়পুরের ওই স্থানে একটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে একই মহাসড়কের কটকস্থল এলাকায় আরেকটি দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নিহত হন।
তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে রাতে ঢাকা থেকে বাবুগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। কটকস্থল এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে তুরাগের মোটরসাইকেল পড়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুরাগ গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয়।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকালে দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতে কটকস্থলে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।
দুই দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।