- ১৬ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের অভিপ্রায় ও স্বার্থ অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৬ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভারত সরকারের সঙ্গে গঙ্গার পানিবণ্টন ইস্যুতে আলোচনার মাধ্যমে দ্রুত একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাতে হবে। তিনি বলেন, “বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ বাধাগ্রস্ত হবে।”
তিনি আরও বলেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো ধরনের চুক্তি গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের অধিকার ও স্বার্থ নিশ্চিত করেই সব ধরনের সমঝোতা করতে হবে।
বিএনপি মহাসচিব উল্লেখ করেন, ২০২৬ সালে গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। এ প্রেক্ষাপটে জাতীয় স্বার্থ রক্ষায় আগেভাগেই কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পদ্মা ব্যারেজ প্রকল্পকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
মির্জা ফখরুল বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন পক্ষ দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে, তবে জনগণের ঐক্য থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতারা, পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।