Friday, July 10, 2026

গলা সমান পানি পেরিয়ে প্রসূতিকে হাসপাতালে পৌঁছে দিল ফায়ার সার্ভিস, জন্ম নিল পুত্রসন্তান


ছবিঃ বন্যার পানিতে আটকা প্রসূতিকে উদ্ধার, হাসপাতালে পুত্রসন্তানের জন্ম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চারদিকে যখন পানি আর পানি, তখনই প্রসব বেদনায় ছটফট করছিলেন এক অন্তঃসত্ত্বা নারী। পরিবার তাকে হাসপাতালে নেওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত আশ্রয় নেয় ফায়ার সার্ভিসের। দ্রুত উদ্ধার অভিযানে নেমে গলা সমান পানি অতিক্রম করে স্ট্রেচারে করে ওই নারীকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন উদ্ধারকর্মীরা। পরে তিনি সুস্থভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে ঘটনাটি ঘটে।

প্রসূতি মিজবাহুল জান্নাত (২২) সৌদি আরবপ্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডলু নদের তীরবর্তী খৈয়ারকুল গ্রাম প্লাবিত হওয়ায় পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পানিতে তলিয়ে যায় হাসপাতালের পথে যাওয়ার সড়কও।

পরিবারের সদস্যরা জানান, বুধবার গভীর রাতে মিজবাহুল জান্নাতের প্রসব বেদনা শুরু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব খুব বেশি না হলেও চার কিলোমিটার সড়ক পুরোপুরি পানিতে ডুবে থাকায় তাকে ঘর থেকে বের করা সম্ভব হচ্ছিল না। পরিস্থিতি জটিল হয়ে উঠলে ভোরের দিকে লোহাগাড়া ফায়ার সার্ভিসে সহায়তা চাওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা গলা সমান পানির মধ্যে প্রায় ৬০০ মিটার পথ স্ট্রেচারে করে প্রসূতিকে বহন করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকদের তত্ত্বাবধানে মিজবাহুল জান্নাত একটি সুস্থ পুত্রসন্তানের জন্ম দেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পানিবন্দি ওই নারীকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়। দুর্যোগের মধ্যেও সফল এই উদ্ধার অভিযানে স্বস্তি ফিরেছে পরিবারটির মধ্যে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন