- ১৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশে ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ এবং এ সংক্রান্ত কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। অভিনেত্রী ও প্রাণী কল্যাণকর্মী জয়া আহসানসহ তিন ব্যক্তি ও সংগঠন এ রিট আবেদন করেছেন।
সোমবার (১১ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, এ কে খান হেলথকেয়ার ট্রাস্ট এবং জয়া আহসানের পক্ষে এ রিট দাখিল করা হয়।
রিটে বলা হয়েছে, অসুস্থ প্রাণীকে মানব খাদ্য হিসেবে প্রতারণামূলকভাবে বাজারজাত করার অভিযোগে উচ্চ আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে গাজীপুরে কথিত অবৈধ ঘোড়ার মাংস বাণিজ্যের বিষয়ে পূর্ণাঙ্গ ও সময়সীমাবদ্ধ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে।
পিটিশনকারীরা পূর্ববর্তী অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে রিটে উল্লেখ করা হয়। এছাড়া তদন্ত প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।
আবেদনে আরও বলা হয়, এই ধরনের কার্যক্রম বন্ধে ৬০ দিনের মধ্যে জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন, বাজেয়াপ্ত অসুস্থ ঘোড়ার নিলাম বন্ধ এবং উদ্ধারকৃত প্রাণীর জন্য পুনর্বাসন ও অভয়ারণ্য স্থাপনের নির্দেশনা দেওয়া প্রয়োজন।
রিটে অভিযোগ করা হয়, গাজীপুরে একটি কারখানাকে অবৈধ জবাইখানায় রূপান্তর করে সংঘবদ্ধভাবে ঘোড়ার মাংস ব্যবসা পরিচালিত হচ্ছিল। অভিযানে অসুস্থ ঘোড়া ও জবাইকৃত প্রাণীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ওই মাংসে বিভিন্ন সংক্রমণ ও ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে বলেও রিটে দাবি করা হয়েছে।
পিটিশনকারীদের দাবি, প্রাণী কল্যাণ আইন প্রয়োগে দুর্বলতার কারণে এ ধরনের অনৈতিক ও জনস্বাস্থ্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম বন্ধ হচ্ছে না। তাই দ্রুত বিচারিক হস্তক্ষেপ প্রয়োজন।
রিটে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে আদালতের নির্দেশনা কামনা করা হয়েছে।