Friday, February 6, 2026

ফরিদপুরে পেঁয়াজের জমিতে সেচ নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ১০


ছবিঃ ফরিদপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলায় পেঁয়াজের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতবাড়িতে হামলা ও পাল্টা হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র জানায়, গট্টি ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে বিরোধ চলে আসছে। একসময় তারা উভয়েই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা বিএনপিতে যোগ দেন। এরপর থেকেই এলাকায় প্রভাব বিস্তার নিয়ে একাধিকবার সহিংসতায় জড়ান এবং এসব ঘটনায় দুজনই কারাবরণ করেছেন।

সূত্র আরও জানায়, বৃহস্পতিবার বিকেলে বালিয়া গ্রামের মাঠে পেঁয়াজের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে জাহিদ মাতুব্বরের সমর্থক মো. শহীদ শরীফ এবং নুরু মাতুব্বরের সমর্থক জাহিদ শরীফের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যার পর বালিয়া বাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকরা জড়ো হতে থাকেন।

পরবর্তীতে রাত ৮টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের একপর্যায়ে অন্তত পাঁচটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে সালথা ক্যাম্পের সেনাবাহিনী ও সালথা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, যৌথভাবে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন