- ০৪ জুন, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার পাশাপাশি টুর্নামেন্টের অফিসিয়াল অ্যালবামে স্থান পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন।
সঞ্জয় জানিয়েছেন, দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নপূরণের পথে এটি তাঁর জন্য এক বড় অর্জন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে বেড়ে ওঠা এই শিল্পী জানান, বহুসাংস্কৃতিক পরিবেশেই তাঁর সংগীতচর্চার শুরু, যা পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া এবং একই সঙ্গে অফিসিয়াল অ্যালবামের অংশ হওয়া তাঁর জীবনের অন্যতম গর্বের মুহূর্ত।
তিনি আরও উল্লেখ করেন, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল সাউন্ডট্র্যাকে তাঁর গান ‘সির সির’ অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রকল্পে তাঁর সঙ্গে আরও কাজ করেছেন আন্তর্জাতিক অঙ্গনের শিল্পী নোরা ফাতেহি ও ভেজড্রিম।
বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে একাধিক বিশ্বখ্যাত সংগীত তারকার গানও থাকছে। এর মধ্যে রয়েছেন দ্য রোলিং স্টোনস, শাকিরা, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় ও রেমার মতো শিল্পীরা, যারা বৈশ্বিক সংগীতজগতে ব্যাপক জনপ্রিয়।
ফিফা ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই পৃথক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার জন্য বিভিন্ন দেশের শিল্পীদের ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সঞ্জয়।
তিনি মার্কিন পপ তারকা কেটি পেরি এবং দক্ষিণ কোরিয়ার ব্ল্যাকপিঙ্ক সদস্য লিসার মতো আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বলে জানা গেছে।
জানা যায়, শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয়ের শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। পরবর্তীতে পরিবারের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সংগীতের প্রতি তাঁর আগ্রহ পারিবারিকভাবেও অনুপ্রাণিত—তাঁর মা গান করতেন এবং নানি-ও সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন।
আন্তর্জাতিক মঞ্চে এই স্বীকৃতিকে অনেকেই বাংলাদেশি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক অর্জন হিসেবে দেখছেন।