Tuesday, May 26, 2026

ফেরারি উন্মোচন করল প্রথম বৈদ্যুতিক সুপারকার ‘লুসে’, দাম ৬.৪ লাখ ডলার


ছবিঃ সম্পূর্ণ বৈদ্যুতিক ফেরারি লুস এই বছরের শেষের দিকে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা ফেরারি তাদের ইতিহাসে প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক সুপারকার উন্মোচন করেছে। নতুন মডেলটির নাম রাখা হয়েছে ‘লুসে’, যার দাম ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪ লাখ ৭৪ হাজার ৩২০ পাউন্ড।

নতুন এই গাড়িটি ফেরারির প্রচলিত ডিজাইন থেকে অনেকটাই ভিন্ন। এটি কোম্পানির প্রথম পাঁচ আসনের বৈদ্যুতিক গাড়ি, যা ডিজাইন করা হয়েছে সাবেক অ্যাপল ডিজাইন প্রধান স্যার জনি আইভের প্রতিষ্ঠিত ডিজাইন সংস্থা লাভফ্রমের সহযোগিতায়।

গাড়িটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে “অপ্রয়োজনীয় ডিজাইন” বলে সমালোচনা করেছেন, আবার কেউ একে “ডিজাইনের অসাধারণ মাস্টারপিস” বলেও অভিহিত করেছেন।

ফেরারির প্রধান নির্বাহী বেনেদেত্তো ভিগনা জানিয়েছেন, ইতালীয় ভাষায় ‘লুসে’ অর্থ আলো। এই গাড়িটি তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লেগেছে।

কোম্পানিটি আগে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি তৈরির ধারণা থেকে দূরে থাকলেও এখন তারা ধাপে ধাপে সেই পথে এগোচ্ছে। এতদিন তারা হাইব্রিড প্রযুক্তির ওপর বেশি গুরুত্ব দিয়েছিল।

নতুন এই মডেলে প্রতিটি চাকার জন্য আলাদা বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে, যার ফলে গাড়িটি মাত্র ২.৫ সেকেন্ডে ঘণ্টায় ৬০ মাইল গতিতে পৌঁছাতে সক্ষম।

ফেরারি জানিয়েছে, গাড়িটির সব যন্ত্রাংশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যতে সহজে সার্ভিস ও মেরামত নিশ্চিত করা যায় এবং এর পুনর্বিক্রয় মূল্যও স্থিতিশীল থাকে।

তবে বৈদ্যুতিক গাড়ির বাজারে বড় ব্র্যান্ডগুলোর জন্য চ্যালেঞ্জও বাড়ছে। এর আগে ল্যাম্বরগিনি ও পোর্শের মতো প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা কমিয়ে হাইব্রিড মডেলের দিকে ঝুঁকেছে।

যুক্তরাষ্ট্র ও চীনের বাজার পরিস্থিতি এবং চাহিদা কমে যাওয়ায় অনেক নির্মাতা প্রতিষ্ঠান তাদের বৈদ্যুতিক গাড়ি কৌশল পুনর্বিবেচনা করছে।

ফেরারি এখনো হাইব্রিড ও পেট্রোলচালিত গাড়ি বিক্রি অব্যাহত রাখার পাশাপাশি বৈদ্যুতিক মডেলও বাজারে আনবে বলে জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, উচ্চমূল্যের বিলাসবহুল গাড়ির বাজারে নতুন প্রযুক্তি গ্রহণে অনীহা থাকলেও দীর্ঘমেয়াদে বৈদ্যুতিক সুপারকার নতুন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন