Wednesday, February 4, 2026

ফেব্রুয়ারি থেকে মাসিক মুনাফা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা


ছবিঃ বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল সঞ্চয়ী, চলতি এবং মেয়াদি আমানতকারীরা আগামী ফেব্রুয়ারি থেকে মাসিক ভিত্তিতে মুনাফা তুলতে পারবেন। এ খবর জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। একই সঙ্গে রেমিট্যান্স এবং সঞ্চয়পত্রের বিপরীতে মুনাফা তাৎক্ষণিকভাবে তোলা যাবে।

গভর্নর বলেন, “সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে কিছু মহল দুষ্টু উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। এসব চেষ্টা অকার্যকর হবে। সকল আমানতকারীর মূল টাকা সম্পূর্ণ নিরাপদ এবং পর্যায়ক্রমে তাদের টাকা ফেরত দেওয়া হবে।” তিনি আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সকল স্কিমে বাজারদরে মুনাফা প্রদান করা হচ্ছে। এক বছরের বেশি মেয়াদি আমানতে মুনাফার হার ৯.৫ শতাংশ, আর এক বছরের কম মেয়াদি আমানতে ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ড. মনসুর জানান, সরকার দুই বছরের জন্য ৪ শতাংশ সহায়তা প্রদান করছে, যা ব্যাংক খাতে প্রায় ৪,৫০০ কোটি টাকা ব্যয় করছে। তিনি সকলকে সতর্ক করেছেন যে, গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য।

সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে দেশের একাধিক ইসলামী ব্যাংক একীভূত করার মাধ্যমে। এর মধ্যে রয়েছে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। এ ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। তবে বিতরণ করা ঋণের ৭৭ শতাংশ বর্তমানে খেলাপি হিসেবে ধরা হয়েছে।

গভর্নর আরও বলেন, “আমানতকারীদের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ধীরে ধীরে সব সমস্যা সমাধান করা হবে এবং ব্যাংকের কার্যক্রম আরও স্বচ্ছ ও শক্তিশালী হবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন