Sunday, April 19, 2026

২৪ ঘণ্টার ব্যবধানে আবার কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা


ছবিঃ স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দেশের বাজারে টানা দরপতনের ধারাবাহিকতায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে স্বর্ণের দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটি জানায়, সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

তবে এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে বলে জানিয়েছে সংগঠনটি। গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণে পার্থক্য হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১ ফেব্রুয়ারি রাতে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা, যা কার্যকর হয় ২ ফেব্রুয়ারি থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৭ বার কমানো হয়েছে। আর গত ২০২৫ সালে সারা বছরে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার—যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ নির্ধারিত দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিতে বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৩২ টাকায়।

চলতি বছরে রুপার দামও একাধিকবার সমন্বয় করা হয়েছে। এ পর্যন্ত ১৪ বার দামের পরিবর্তন হয়েছে—এর মধ্যে ৯ বার দাম বেড়েছে এবং ৫ বার কমেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন