- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশের বাজারে টানা দুই দিনে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সর্বশেষ দর সমন্বয় অনুযায়ী প্রতি ভরিতে স্বর্ণের দাম দুই দিনে প্রায় ৩০ হাজার টাকা কমেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় নতুন মূল্য নির্ধারণ করা হয়। নতুন হিসেবে ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ২১ হাজার ৯১৫ টাকা, যা ভরিপ্রতি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। এর আগে শুক্রবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা ছিল।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ডের (তেজাবি স্বর্ণ) দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের গ্রামপ্রতি দাম ২০ হাজার ৯২০ টাকা, ভরিপ্রতি ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ১৭ হাজার ৯৩০ টাকা, ভরিপ্রতি ২ লাখ ৯ হাজার ১৩৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম গ্রামপ্রতি ১৪ হাজার ৭৩৫ টাকা, ভরিপ্রতি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং স্বর্ণের গহনায় ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। সর্বশেষ অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৭ হাজার ৩০২ টাকা, ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
চলতি বছরে স্বর্ণের দাম ১৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৩ বার বেড়েছে এবং ৫ বার কমেছে। রুপার দামও ১৪ বার সমন্বয় করা হয়েছে, এর মধ্যে ৯ বার বৃদ্ধি এবং ৫ বার হ্রাস পেয়েছে।