Wednesday, February 4, 2026

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ল আবার


ছবিঃ এলপিজি গ্যাস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম পুনরায় বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করেই ফেব্রুয়ারির জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা, যা এবার বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। এর আগে গত ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূল্য সংযোজন করসহ (মূসক) ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, জানুয়ারি মাসের শুরুতে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল। সে সময় লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম নির্ধারণ করা হয় ৫৯ টাকা ৮০ পয়সা।

টানা মূল্যবৃদ্ধিতে এলপিজি ও অটোগ্যাস ব্যবহারকারীদের ব্যয় আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, বিশেষ করে যাঁরা রান্না ও পরিবহনের ক্ষেত্রে এসব জ্বালানির ওপর নির্ভরশীল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন