- ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নেওয়ায় দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে পড়ে গেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কোনো আন্তর্জাতিক বা ঘরোয়া ম্যাচ না থাকায় তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা। এই অবস্থায় খেলোয়াড়দের মানসিক ও শারীরিক প্রস্তুতি ধরে রাখতে নতুন পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার ক্রিকেট পরিচালনা বিভাগের এক সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে বিশেষ ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করা হবে। বিসিবি সূত্র জানিয়েছে, এই ক্যাম্প চলতে পারে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের আশপাশে থাকা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হবে।
ক্যাম্পের জন্য খেলোয়াড়দের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করছে জাতীয় দল নির্বাচক প্যানেল। কন্ডিশনিং ক্যাম্প শেষে জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ক্রিকেটারদের স্বল্প সময়ের ছুটি দেওয়া হবে বলে জানা গেছে।
নির্বাচন পরবর্তী সময়ে আবারও মাঠে ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ। চার দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গঠন করা হবে তিনটি দল, আর বাকি একটি দল হবে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের খেলোয়াড়দের সমন্বয়ে।
বিসিএল ওয়ানডের লিগ পর্বের ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা রয়েছে রাজশাহী ও বগুড়া স্টেডিয়ামে। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করতে আগ্রহী বিসিবি। জানা গেছে, পুরো ওয়ানডে লিগটি প্রায় দুই সপ্তাহের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে বিসিবি এবারের বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়ার কথা ভাবলেও, বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় সেই পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। জাতীয় দলের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতেই বিসিএলের ওয়ানডে ও চার দিনের লিগ আয়োজনের উদ্যোগ জোরদার করা হয়েছে।
বিসিবি মনে করছে, এই ক্যাম্প ও টুর্নামেন্ট ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার পাশাপাশি দীর্ঘ বিরতির হতাশা কাটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।