Sunday, April 19, 2026

এশিয়ান কাপ নারী ফুটবল সামনে রেখে চূড়ান্ত স্কোয়াড বাছাই


ছবিঃ এশিয়ান কাপের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন সুইডেনপ্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ নারী ফুটবলের চূড়ান্ত পর্বকে সামনে রেখে দল গঠনের কাজ শেষ করেছেন বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি, তবে দল চূড়ান্ত হওয়ার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে স্কোয়াডের নামও ছড়িয়ে পড়েছে।

বাফুফে সূত্রে জানা গেছে, মোট ৩৮ জনের একটি বহর চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ২৬ জন ফুটবলার, বাকিরা কোচিং স্টাফ ও সাপোর্টিং টিমের সদস্য। এবারের স্কোয়াডে কয়েকটি চমক থাকলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সুইডেনপ্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী।

সাফ নারী ফুটসালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর ধারণা করা হয়েছিল, ফুটসাল দলের একাধিক খেলোয়াড় এশিয়ান কাপে সুযোগ পেতে পারেন। তবে কোচ বাটলার সে পথে হাঁটেননি। বরং দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে থাকা আনিকাকে কয়েক দিনের ফিটনেস ট্রেনিংয়ের পরই চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

ঢাকায় নারী ফুটবল লিগ চলাকালে আনিকা কোচ বাটলারের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তাকে স্বল্পমেয়াদি ফিটনেস ট্রেনিংয়ের সুযোগ দেওয়া হয়। সেই ট্রেনিং শেষে তিনি আবার সুইডেনে ফিরে যান। তবে সেই অল্প সময়ের প্রস্তুতিই কোচের আস্থা অর্জনের জন্য যথেষ্ট ছিল। বিপরীতে অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও কৃষ্ণা রানী সরকারকে ফিটনেস ট্রেনিংয়েও ডাকা হয়নি—যা নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা চলছে।

আনিকার পাশাপাশি জাতীয় দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন সৌরভী আফরিন ও আলপি আক্তার। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এই স্কোয়াড নিয়ে গ্রুপ পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।

গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ মার্চ সিডনিতে চীনের বিপক্ষে। এরপর ৬ মার্চ একই ভেন্যুতে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে দলটি। গ্রুপের শেষ ম্যাচ ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে।

চূড়ান্ত স্কোয়াডে গোলরক্ষক হিসেবে আছেন মিলি আক্তার, রুপনা চাকমা ও স্বর্ণা রানী মন্ডল। রক্ষণ, মিডফিল্ড ও আক্রমণভাগ মিলিয়ে দলে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, নবিরন খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার জুনিয়র ও সিনিয়র, হালিমা খাতুন, স্বপ্না রানী, আইরিন খাতুন, উমহেলা মারমা, উন্নতি খাতুনসহ আরও অনেকে।

কোচিং স্টাফে কোচ পিটার জেমস বাটলারের সঙ্গে রয়েছেন ম্যানেজার খালিদ মাহমুদ নওমী, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু ও মাহমুদা আক্তার, গোলকিপিং কোচ মাসুদ আহমেদসহ মেডিকেল ও সাপোর্ট স্টাফের একটি পূর্ণাঙ্গ দল।

এশিয়ান কাপের মতো বড় মঞ্চে বাংলাদেশের নারী ফুটবল দলের পারফরম্যান্স কেমন হবে, সেটাই এখন ক্রীড়াপ্রেমীদের প্রধান আগ্রহ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL