Tuesday, February 10, 2026

নিলামে যাচ্ছে পিএসএল, রেকর্ড ৫০ বাংলাদেশি ক্রিকেটার তালিকাভুক্ত


প্রতীকী ছবিঃ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরটি শুধু পরিসরেই বড় হচ্ছে না, বদলে দিচ্ছে প্রতিযোগিতার দীর্ঘদিনের কাঠামোও। দল ও ম্যাচসংখ্যা বৃদ্ধির পাশাপাশি এবারই প্রথম ড্রাফট পদ্ধতি ছেড়ে নিলাম ব্যবস্থায় খেলোয়াড় বাছাই করতে যাচ্ছে পিএসএল কর্তৃপক্ষ।

আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। দেশি-বিদেশি মিলিয়ে সেখানে নাম জমা পড়েছে ৮৭৯ জন ক্রিকেটারের। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫০ জন, যা পিএসএলের ইতিহাসে কোনো একটি দেশের সর্বোচ্চ অংশগ্রহণ।

পিসিবির প্রকাশিত তালিকা অনুযায়ী, সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। এই ক্যাটাগরিতে ৩১ জন ক্রিকেটার থাকলেও সেখানে কোনো বাংলাদেশি নেই। তবে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকার কাছাকাছি। এই স্তরে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। অভিজ্ঞতা, আন্তর্জাতিক সাফল্য ও ব্র্যান্ড ভ্যালুর সমন্বয়েই এই তিনজনকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যে নিলামে নাম দিয়েছেন ২২ জন বাংলাদেশি ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমনসহ জাতীয় দলের নিয়মিত ও সম্ভাবনাময় বেশ কয়েকজন ক্রিকেটার।

বাকি ২৫ জন বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৬০ লাখ পাকিস্তানি রুপি। এই তালিকায় রয়েছেন আফিফ হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, আকবর আলী, নাঈম শেখ, আলিস আল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, শামীম পাটোয়ারি ও তানজিম হাসান সাকিবসহ ঘরোয়া ক্রিকেটে পরিচিত অনেক নাম। অভিজ্ঞতা ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণে এই ক্যাটাগরির খেলোয়াড়দের দিকেও ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এর বাইরে একমাত্র বাংলাদেশি হিসেবে নিলামের বাইরে থাকছেন মোস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারকে সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।

নতুন নিলাম পদ্ধতি, বড় পরিসর এবং বাংলাদেশি ক্রিকেটারদের রেকর্ড অংশগ্রহণ—সব মিলিয়ে এবারের পিএসএল হতে যাচ্ছে ভিন্নমাত্রার এক আসর, যেখানে দেশের ক্রিকেটারদের জন্য বড় সুযোগ অপেক্ষা করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন