Tuesday, September 8, 2026

বাংলাদেশে কাজের সময় হত্যার হুমকি পেয়েছি: সাবেক কোচ জেরার্ড জোনস


ফাইল ছবিঃ বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সাবেক প্রধান কোচ জেরার্ড জোনস (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচে বাংলাদেশের পরাজয়ের পর দায়িত্ব হারানো প্রধান কোচ জেরার্ড জোনস এবার বাংলাদেশে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। তার দাবি, দায়িত্ব পালনকালে ব্যক্তিগত আক্রমণের পাশাপাশি ব্যক্তিগত তথ্য ফাঁস এবং হত্যার হুমকিও পেয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা জানান জোনস।

জোনস বলেন, মাঠের পারফরম্যান্স ও ফুটবলসংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থাকতেই পারে। তবে ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য প্রকাশ এবং হত্যার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার দাবি, বাংলাদেশে থাকার সময় তিনি এ ধরনের বেশ কিছু গুরুতর বার্তা পেয়েছেন।

তিনি আরও বলেন, তিনি একজন স্বামী, বাবা ও সন্তান। ফলে এ ধরনের হুমকি শুধু তার নিজের জন্য নয়, পরিবারের জন্যও উদ্বেগের বিষয়।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর সিরিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচেও ৩-০ গোলে হারে বাংলাদেশ। এর পরদিন, ৪ সেপ্টেম্বর জোনসের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে তাকে দায়িত্ব থেকে সরানোর নির্দিষ্ট কারণ বাফুফের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের দায়িত্ব থেকে জোনসকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে।

অবশ্য বাফুফের একটি সূত্রের বরাতে জানা যায়, ফল বিপর্যয়ের পাশাপাশি গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাও জোনসকে সরানোর সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল। কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় বলে জানা যায়। পরে জোনস নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন।

দায়িত্ব হারানোর পর নিজের বক্তব্যে অবশ্য শুধু সাম্প্রতিক ফলাফলকে বাংলাদেশের ফুটবলে তার কাজের মূল্যায়নের মাপকাঠি হিসেবে দেখতে নারাজ জোনস। তার দাবি, যুব ফুটবলের উন্নয়ন, স্থানীয় কোচ তৈরির প্রক্রিয়া, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে কাজ করার মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল তার।

জোনস বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময় পাননি তিনি। তার মতে, অনুশীলনে দল যে ধরনের ফুটবল অনুশীলন করেছিল, প্রতিযোগিতামূলক ম্যাচে সেটি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বাংলাদেশের ফুটবল কাঠামো নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেছেন সাবেক এই কোচ। তার মতে, এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করতে হলে খেলোয়াড় বাছাইয়ের পদ্ধতি, প্রশিক্ষণ ও অবকাঠামো, ফুটবল সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের খেলোয়াড় তৈরির প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।

জোনসের মন্তব্যের পর তার বাংলাদেশ অধ্যায় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কোচের সঙ্গে বাফুফের চুক্তি বাতিল, দলের হতাশাজনক ফল এবং তার তোলা হুমকির অভিযোগ সব মিলিয়ে বাংলাদেশের যুব ফুটবলের ব্যবস্থাপনা ও পরিবেশ নিয়েও প্রশ্ন উঠেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন