Thursday, February 5, 2026

এনসিপির হবিগঞ্জ জেলা কমিটি থেকে ১৩ জনের পদত্যাগ


প্রতীকী ছবিঃ এনসিপির (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটি থেকে একযোগে ১৩ জন নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে পৃথকভাবে লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল। তিনি বলেন, “আমি বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট নেতারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁদের পদত্যাগের সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন।”

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস। এছাড়া কমিটির সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান এবং সোফায়েল আহমেদও পদত্যাগ করেছেন।

পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক বিষয়ে অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত এসেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে একযোগে এতসংখ্যক নেতার পদত্যাগ এনসিপির হবিগঞ্জ জেলা সংগঠনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন