- ০২ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম ২৯ টাকা ৭৬ পয়সা কমানো হয়েছে। এতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে ৩৫৭ টাকা।
বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন সমন্বয়ের ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা আগের তুলনায় কম। এর আগে গত মাসেও ৫৫ টাকা কমানো হয়েছিল।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই এলপিজির দাম সমন্বয় করা হয়। এবার প্রতি কেজি এলপিজির নতুন দাম দাঁড়িয়েছে ১২৭ টাকা ৩০ পয়সা, যা আগে ছিল ১৫৭ টাকা ৬ পয়সা।
অন্যদিকে, সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ৪০ পয়সা, যা আগে ছিল ৮৬ টাকা ৯৩ পয়সা।
বিইআরসি নিয়ম অনুযায়ী ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো ঘোষিত প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক মূল্য (সিপি) অনুযায়ী প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়। আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় এনে এই মূল্য নির্ধারণ করা হয়।