- ০২ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে ফুটবল উন্মাদনার মাঝেই এসেছে এক অভিনব ঘোষণা। যুক্তরাষ্ট্র বিশ্বকাপের শিরোপা জিততে পারলে সেই সাফল্যের স্মারক হিসেবে একটি অফিসিয়াল ফুটবল চাঁদে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্যতিক্রমী এই ঘোষণাটি ইতোমধ্যে ক্রীড়া ও মহাকাশ অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান সম্প্রতি চাঁদে স্থায়ী মানবঘাঁটি নির্মাণ পরিকল্পনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন ফুটবল দলের উদ্দেশে এই বার্তা দেন। তিনি বলেন, বিশ্বকাপ জয়ের দায়িত্ব খেলোয়াড়দের, আর সেই সাফল্যকে মহাকাশ ইতিহাসের অংশ করে তোলার দায়িত্ব নেবে নাসা।
বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে একটি অফিসিয়াল ম্যাচ বল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো হয়েছে। তবে আইজ্যাকম্যানের ভাষ্য, যুক্তরাষ্ট্র যদি বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে সেই অর্জনের স্মারক হিসেবে একটি ফুটবল পৃথিবীর কক্ষপথে নয়, সরাসরি চাঁদে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি এ প্রসঙ্গে ১৯৭১ সালের অ্যাপোলো-১৪ অভিযানের মহাকাশচারী অ্যালান শেপার্ডের ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করেন। চাঁদের বুকে গলফ বল আঘাত করে ইতিহাস গড়া সেই ঘটনার সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, এবার নাসার লক্ষ্য মহাকাশ অভিযানের ইতিহাসে ফুটবলকেও যুক্ত করা।
নাসা জানিয়েছে, পরিকল্পনাটি শুধু প্রতীকী নয়। ভবিষ্যতে চাঁদে পাঠানো বৈজ্ঞানিক সরঞ্জামের সঙ্গে ফুটবলটিও বিশেষ পেলোড হিসেবে বহন করার চিন্তা রয়েছে, যা ক্রীড়া ও মহাকাশ অনুসন্ধানের একটি ব্যতিক্রমী সংযোগ তৈরি করবে।
অন্যদিকে, বিশ্বকাপে নিজেদের স্বপ্ন ধরে রাখতে নকআউট পর্বে দারুণ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শেষ ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিকরা। ম্যাচে ফোলারিন বালোগুন ও মালিক টিলম্যান গোল করেন। যদিও বালোগুন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, তবুও জয় ধরে রাখতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র।
এখন শেষ ষোলোতে ইউরোপের শক্তিশালী দল বেলজিয়ামের মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় ৭ জুলাই সকাল ৬টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সেই ম্যাচ। বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন এখনও অনেক দূরের হলেও নাসার অভিনব প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের ফুটবলযাত্রায় যোগ করেছে নতুন এক অনুপ্রেরণার মাত্রা।