Monday, May 25, 2026

একসময় ১৩ সিরিয়ালের ব্যস্ত অনিতা কানওয়াল, এখন অডিশনে গিয়েও পাচ্ছেন না কাজ


ফাইল ছবিঃ অনিতা কানওয়াল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

একসময় ভারতীয় টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন অনিতা কানওয়াল। নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর সময় পর্যন্ত জনপ্রিয় অসংখ্য ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ অভিনয়জীবনের পর এখন কাজের অভাবে হতাশার কথা প্রকাশ্যে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিতা জানান, একসময় তিনি একই সঙ্গে ১৩টি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করতেন। সেই সময় ছোট পর্দার অন্যতম ব্যস্ত শিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি। বিশেষ করে মা, কর্তৃত্বপূর্ণ নারী কিংবা আবেগঘন চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান।

অভিনয়জীবনের শুরুতে তিনি কাজ করেছেন শাহরুখ খান-এর সঙ্গেও। জনপ্রিয় টিভি সিরিজ সার্কাস-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। পরে কাভি হ্যাঁ কাভি না ছবিতেও শাহরুখ খানের মায়ের চরিত্রে দেখা যায় অনিতাকে।

তবে বর্তমানে অভিনয়জগতে নিজের অবস্থান নিয়ে হতাশ অভিনেত্রী। ইউটিউবার সিদ্ধার্থ কানান-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ যখন ধীরে ধীরে ভুলে যেতে শুরু করে, তখন তা মানসিকভাবে ভীষণ কষ্ট দেয়। এমনকি নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্ন জাগে তাঁর মনে।

অনিতা জানান, নিয়মিত অডিশন দিলেও বেশির ভাগ ক্ষেত্রেই তাঁকে বাদ দেওয়া হচ্ছে। তাঁর ভাষায়, এত বছর ইন্ডাস্ট্রিকে দেওয়ার পরও কেন কাজ পাচ্ছেন না, সেটি ভেবে তিনি আত্মসন্দেহে ভোগেন। বয়স বাড়লেও এখনো বিভিন্ন বয়সী চরিত্রে অভিনয়ের সামর্থ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

একটি অডিশনের অভিজ্ঞতা তুলে ধরে অনিতা বলেন, একবার নিজের পরিচয় দিতে গিয়ে তিনি মজা করে বলেছিলেন, “তোমাদের অনেকের জন্মের আগ থেকেই আমি অভিনয় করছি।” কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রটিও তাঁর হাতে আসেনি।

বর্তমান ওটিটি যুগ নিয়েও হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁর দাবি, আগে তাঁকে বলা হতো টেলিভিশনে তাঁর উপস্থিতি খুব বেশি। অথচ এখন দীর্ঘ সময় ধরে পর্দার বাইরে থাকলেও নতুন কাজের সুযোগ মিলছে না। একই অভিনেতাদের বারবার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেলেও অভিজ্ঞ শিল্পীদের অনেকেই উপেক্ষিত থেকে যাচ্ছেন বলে মনে করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনের পর অনিতা কানওয়ালের এমন অভিজ্ঞতা ভারতীয় বিনোদন অঙ্গনে অভিজ্ঞ শিল্পীদের কাজের সুযোগ ও অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন