- ২১ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। হিলি
মাত্র এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। গত সপ্তাহেও যে পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে সেটির দাম দাঁড়িয়েছে ৫০ টাকায়। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও সীমিত আয়ের মানুষ।
মঙ্গলবার (২১ জুলাই) হিলি বাজার ঘুরে দেখা যায়, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে পেঁয়াজের দামও বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রয়োজনীয় এই পণ্য কিনতে গিয়ে অনেককেই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।
বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকার মধ্যেই ছিল। কিন্তু কোনো পূর্বাভাস ছাড়াই কেজিপ্রতি ২০ টাকা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের সংসারের খরচ বেড়ে গেছে। বাজারে নিয়মিত তদারকি জোরদারেরও দাবি জানান তিনি।
ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় পাইকারি পর্যায়েই দাম বেড়েছে। সেই প্রভাব পড়েছে খুচরা বাজারেও। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপরই বাজার নির্ভর করছে। সম্প্রতি দেশের বিভিন্ন মোকামে দাম বেড়ে যাওয়ায় তাদেরও বেশি দামে কিনতে হচ্ছে, ফলে খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং তখন দামও কিছুটা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে।
এদিকে হিলি স্থলবন্দরের আমদানিকারক ফেরদৌস রহমান জানান, স্থানীয় কৃষকদের স্বার্থ বিবেচনায় সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। ফলে বন্দরের আমদানিকারকেরা চাইলেও পেঁয়াজ আনতে পারছেন না। তবে সরকার অনুমোদন দিলে দ্রুত আমদানি কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে জানান তিনি।
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, সরবরাহ পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনগুলোতে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। অন্যদিকে ভোক্তারা বাজারে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন।