Tuesday, May 26, 2026

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির


প্রতীকী ছবিঃ ঈদযাত্রায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অনেক মানুষ স্বল্পমূল্যে ঝুঁকিপূর্ণ ভ্রমণে বাধ্য হন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির দাবি, পরিবহন মালিকদের প্রতিশ্রুতি সত্ত্বেও বিভিন্ন রুটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে, যার কারণে নিম্নআয়ের মানুষ ঝুঁকিপূর্ণ উপায়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া না নেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে বহু পরিবহন সেই নির্দেশনা মানছে না।

তিনি বলেন, অতিরিক্ত ভাড়া বহন করতে না পেরে শ্রমজীবী, দিনমজুর, নির্মাণকর্মীসহ নিম্নআয়ের বিপুলসংখ্যক মানুষ ট্রেন ও বাসের ছাদে, খোলা ট্রাকে কিংবা পণ্যবাহী যানবাহনে যাতায়াত করছেন। এতে সড়ক ও রেলপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।

বিবৃতিতে সম্প্রতি টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়। সংগঠনটির দাবি, কম খরচে বাড়ি ফেরার চেষ্টায় অনেক মানুষ ঝুঁকিপূর্ণ যানবাহনে উঠতে বাধ্য হচ্ছেন।

এছাড়া নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে দুইজনের মৃত্যুর ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।

যাত্রী কল্যাণ সমিতি বলছে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শ্রমজীবী মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রাষ্ট্র এখনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি।

সংগঠনটি অবিলম্বে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর নজরদারি এবং পরিবহন মালিকদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাত্রীদেরও জীবনের ঝুঁকি এড়িয়ে বাস বা ট্রেনের ছাদ, খোলা ট্রাক কিংবা পণ্যবাহী যানবাহনে ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীচাপের মধ্যে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন